ইউরোপ জুড়ে শরণার্থীদের সাহায্যার্থে এবার এগিয়ে এলো ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেই। এই খাতে দুটি সংস্থার মাধ্যমে পিএসজি এক মিলিয়ন ইউরো দেবার ঘোষনা দিয়েছে।
এ সম্পর্কে ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, পিএসজির ফাউন্ডেশন ফ্রেঞ্চ পপুলার রিলিফ ও ইউএনএইচসিআর এর সাথে মিলে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ফ্রান্স এবং আন্তর্জাতিক ভাবে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। এই ফাউন্ডেশনের মাধ্যমেই আমরা ঐ দুটি সংস্থাকে এক মিলিয়ন ইউরো প্রদান করতে যাচ্ছি। এই অর্থ ক্লাবের রাজস্ব আয় থেকে প্রদান করা হবে।
যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে মূলত বিপুল সংখ্যক শরণার্থী সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয়ের উদ্দেশ্যে জীবনের ঝুঁকি নিয়ে দেশ ছেড়েছে। আর তাদেরই সহায়তায় এগিয়ে এসেছে বিশ্বের বিভিন্ন বড় ক্লাব যাদের মধ্যে উল্লেখযোগ্য রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, রোমা। তাদের সাথে নতুন করে যোগ হলো পিএসজির নাম। এর মধ্যে রোমা সর্বশেষ ৫৭৫,০০০ ইউরো দেবার ঘোষনা দিয়েছে। সাথে সাথে ফ্রান্সেসকো টট্টি, এডিন জেকো, মিরালেম পানিচের মত তারকাদের জার্সি নিলামে দিয়ে সেখান থেকে প্রাপ্ত অর্থও এখানে দেবার পরিকল্পনা তাদের আছে।
এদিকে ইউরোপিয়ান এসোসিয়েশন অব ফুটবল ক্লাবস (ইসিএ) ঘোষনা দিয়েছে চ্যাম্পিয়নস লিগ এবং ইউরোপা লিগে অংশগ্রহণকারী সবগুলো ক্লাবই এই ধরনের সহায়তায় এগিয়ে আসবে বলে তারা আশা করছে। ইতোমধ্যেই তারা একটি পরিকল্পনা গ্রহন করেছে। চলতি মৌসুমের প্রথম কন্টিনেন্টাল ম্যাচে বিক্রি হওয়া প্রতিটি টিকেট থেকে তারা এক ইউরো শরনার্থীদের জন্য দান করবে। প্রায় ৮০টি ক্লাব এই ধরনের প্রতিশ্রুতিতে একমত হয়েছে। ইসিএ আশা করছে এই খাতে তারা প্রায় ২-৩ মিলিয়ন ইউরো আয় করতে পারবে।
গত শনিবার প্রথম ক্লাব হিসেবে রিয়াল মাদ্রিদ এক মিলিয়ন ইউরো আর্থিক ঘোষনা দেবার পরপরই বায়ার্ন মিউনিখও একই পরিমান অর্থ দেবার প্রতিশ্রুতি দেয়। বাসস
