দুর্নীতির দুই মামলায় পরবর্তী শুনানি ১৭ সেপ্টেম্বর

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৫, ১৫:০৭
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় চারজন সাক্ষীর জবানবন্দি ও জেরা সম্পন্ন হয়েছে।
 
বৃহস্পতিবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার এই জবানবন্দি ও জেরা গ্রহণ করেন। একই সঙ্গে ১৭ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য রেখেছে।
 
মামলার শুনানির সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।
 
এর আগে এই দুই মামলায় হাজিরা দিতে খালেদা জিয়া বকশিবাজারের বিশেষ আদালতে যান বৃহস্পতিবার সকাল ১০ টা ৫০ মিনিটে। 
 
আজ সকাল ৯ টা ৫৫ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশে রওনা হন। দুর্নীতির দুই মামলার বিচারিক কার্যক্রম চলছে তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের এই অস্থায়ী আদালতে।
 
সর্বশেষ গত ৩ আগস্ট খালেদা জিয়া আদালতে হাজিরা দিয়েছিলেন। ওই দিন তার উপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্টসংক্রান্ত দুর্নীতি মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপপরিচালক হারুন-অর রশিদকে খালেদা জিয়ার পক্ষে জেরা করেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। জেরা শেষে মামলার পরবর্তী কার্যক্রমের তারিখ ১০ আগস্ট ধার্য করা হলেও অনুপস্থিত ছিলেন খালেদা জিয়া। এরপর গত ৩ সেপ্টেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করা হলেও শারীরিক অসুস্থতার কারণে বিএনপির নেত্রীর অনুপস্থিতিতে মামলার কার্যক্রম চলে।
 
মামলার এজাহার থেকে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
অপরদিকে জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় আরও একটি মামলা করে দুদক।