চালককে অজ্ঞান করে অটোরিকশা চুরি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৩৮
গাইবান্ধার সাদুল্লাপুরে চালককে অজ্ঞান করে দুর্বৃত্তরা একটি ব্যাটারি চালিত অটোরিকশা চুরি করে নিয়ে গেছে। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে চালক মো. সোহেল মিয়াকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ।
 
অটোরিকশা চালক মো. সোহেল মিয়া উপজেলা বুজরুজ রসুলপুর গ্রামের আবু বক্কর মিয়ার ছেলে। 
 
সাদুল্লাপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রাজু মিয়া জানান, বুধবার রাত ১০টার দিকে স্থানীয় ও পথচারীরা দামোদরপুরে বাঁশ ঝাড়ে একটি লোককে অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১১ টায় তাকে উদ্ধার করে। 
 
তিনি আরও জানান, সন্ধ্যায় তিনজন যাত্রী উপজেলার মহিষবান্দি বাজার থেকে ব্যাটারি চালিত অটোরিকশাটি ভাড়া করে কামারপাড়ার দিকে রওনা হয়। পথে কান্তানগর বাজারে তারা অটোরিকশা চালককে টাইগার ড্রিংস খাওয়ায়। কিছু দুর যাওয়ার পর চালক সোহেল মিয়া অজ্ঞান হয়ে পড়ে। তাকে ওই জায়গায় নামিয়ে রেখে দুর্বৃত্তরা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।