বক্তব্য প্রত্যাহার, দুঃখ প্রকাশ অর্থমন্ত্রীর

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৫, ২১:০৮
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ সিলেট সার্কিট হাউজে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
 
পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের নিয়ে করা মন্তব্য অপমানজনক ছিল স্বীকার করে তা প্রত্যাহার করে নেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমি  যেভাবে বক্তব্যটি দেই তাতে অবশ্যই তাঁদের (শিক্ষকদের) মানহানি হয়েছে। কারণ জ্ঞানের অভাবে বলা এবং যথাযথ তথ্য সম্পর্কে অনবহিত বলার মধ্যে যথেষ্ট তফাৎ রয়েছে। আমি আমার বক্তব্য সম্পর্কে খুবই দুঃখিত।
 
সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, আমাদের শিক্ষা জগতে বেশ ক্ষোভের সৃষ্টি হয়েছে আমারই একটি বক্তব্য নিয়ে। আমার মনে হয় এই বিষয়টির নিষ্পত্তি হওয়া প্রয়োজন। সাংবাদিকেরা এ বিষয়ে আমাকে প্রশ্ন করেন। আমি তাঁদের বলি যে, এ বিষয়ে কেবিনেট সচিব স্বাভাবিক নিয়মে বিবৃতি  দেবেন এবং সরকারি নির্দেশনা জারি হবে। বিষয়টি জটিল ও ব্যাপক তাই সে সম্বন্ধে বেশি বলা যাবে না। শিক্ষকদের বেতন বৃদ্ধি কমিশনের সুপারিশবিরোধী আন্দোলন সম্পর্কে সাংবাদিকেরা আমার মন্তব্য চান। তখন আমি বলি  যে তাঁদের এই আন্দোলনটি অকারণে শুরু হয়েছে। আমি বলতে চেয়েছিলাম, তাঁরা আন্দোলনে চলে গেলেন যখন, তাঁরা পুরো বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। তাঁদের আন্দোলনটি তাঁদের অনবহিতির জন্য। তাঁরা সঠিক তথ্য জানতেন না বলে তাঁরা আনইনফরম্ড ছিলেন। আমি  যেভাবে বক্তব্যটি দিই তাতে অবশ্যই তাঁদের মানহানি হয়েছে। কারণ জ্ঞানের অভাবে বলা এবং যথাযথ তথ্য সম্পর্কে অনবহিত বলার মধ্যে যথেষ্ট তফাৎ রয়েছে।
 
এ সময় নিজ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমার এ বক্তব্য যেভাবে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে তা অনভিডেত ছিল। আমি তা প্রত্যাহার করছি। এ জন্য যারা ক্ষুব্ধ হয়েছেন বা দুঃখ পেয়েছেন, তাঁদের কাছে বিনীত অনুরোধ যে ভুল বোঝাবুঝির এখানেই সমাপ্তি হোক। ফোকাস বাংলা।