কুমিল্লায় দুই ছাত্র উদ্ধার, রোহিঙ্গা কারাগারে

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৫, ১৭:১৯
 
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার এক মাদরাসার দুই ছাত্রকে অপহরণের তিনদিন পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার হওয়া অপরণকারী চক্রের সদস্য মো. তোয়া নামে এক রোহিঙ্গাকে বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছে আদালত।
 
সদর দক্ষিণ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আইয়ুব জানান, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ভূশ্চি জামিরা নূরানী মাদরাসার দুই ছাত্র লোকমান (১০) ও এমরানকে (১২) অপহূত হয়। পরদিন ৫ সেপ্টেম্বর সোমবার ভোরে অপহরণকারী চক্র এমরানের মায়ের মোবাইল ফোনে ৩০ হাজার টাকার মুক্তিপণ দাবি করে। ওইদিন বিকাল চারটার দিকে ওই নাম্বার থেকে অপহরণকারীরা আবারো ফোন করে টাকা চাইলে দরিদ্র লোকমানের পরিবার ৩ হাজার টাকা সংগ্রহ হয়েছে এবং বাকি টাকা পরে দেবে জানায়। অপহরণকারীরা টাকা পাঠানোর জন্য একটি বিকাশ নাম্বার দেয়। বিষয়টি লোকমানের পরিবার সদর দক্ষিণ থানা পুলিশকে জানায় এবং থানায় একটি জিডি করে। পরে মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে টেকনাফ থানা পুলিশের সহায়তায় টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আজিমুদ্দিনের ছেলে মো. তোয়াকে (২৫) গত সোমবার সন্ধ্যায় আটক করা হয়। পরে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ টেকনাফ থানায় গিয়ে মঙ্গলবার তোয়াকে নিয়ে কুমিল্লায় ফিরে আসে।
 
এদিকে অপহরণকারী চক্রের তোয়া আটকের খবর পেয়ে অপহরণকারীরা ওই ছাত্রদের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বাগমারা বাজারের মসজিদের সামনে ছেড়ে দেয়। খবর পেয়ে পুলিশ শিশু দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।