আবারো আটকে গেল ‘রানা প্লাজা’

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৫, ১৮:৩৫
 
আবারো আটকে গেল চলচ্চিত্র ‘রানা প্লাজা’। মুক্তির ঠিক আগের দিন বৃহস্পতিবার এ ছবির প্রদর্শনী ও সম্প্রচারে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছে আদালত। আপিল বিভাগের দেয়া আদেশ পুর্নবিবেচনার এক আবেদনের শুনানি করে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। সেইসঙ্গে আগামী সোমবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বিষয়টি শুনানির জন্য পাঠিয়ে দেন তিনি।
 
এর ফলে ওই সময় পর্যন্ত চলচ্চিত্রটি কোনো প্রেক্ষাগৃহে প্রদর্শন ও সম্প্রচার করা যাবে না বলে জানিয়েছেন পুনর্বিবেচনার আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী।
 
৫০টির বেশি হলে ৪ সেপ্টেম্বর এ চলচ্চিত্র মুক্তি পাওয়ার কথা থাকলেও হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে তা আটকে যায়। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট ২৪ আগস্ট এ চলচ্চিত্রের প্রদর্শনী ও সমপ্রচারে ছয় মাসের নিষেধাজ্ঞা দেয়। সেই সঙ্গে সেন্সর বোর্ডের দেয়া সনদের কার্যকারিতা স্থগিত করে রুল দেয় আদালত। ওই আদেশ স্থগিত চেয়ে চলচ্চিত্রটির প্রযোজক শামীমা আক্তার আবেদন করলে ৩১ আগস্ট চেম্বার বিচারপতি বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।
 
আপিল বিভাগ ৬ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানি করে হাইকোর্টের আদেশ স্থগিত করে দিলে ‘রানা প্লাজা’র মুক্তির পথ খোলে। এ অবস্থায় বৃহস্পতিবার ওই আদেশ পুনর্বিবেচনার আবেদন নিয়ে চেম্বার আদালতে যায় রিট আবেদনকারী পক্ষ।
 

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন আটতলা রানা প্লাজা ভেঙে পড়লে শিল্পক্ষেত্রে বিশ্বের অন্যতম ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ওই ঘটনায় নিহত হন এক হাজার ১৩৫ জন, আহত হন আরো হাজারখানেক শ্রমিক, যারা ওই ভবনের পাঁচটি পোশাক কারখানায় কাজ করতেন। ধসের ১৭ দিনের মাথায় ১০ মে বিকালে ধ্বংসস্তূপের ভেতর থেকে রেশমা আক্তারকে জীবিত উদ্ধার করা হলে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়। রেশমাকে উদ্ধারের ঘটনা নিয়ে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেন পরিচালক নজরুল ইসলাম খান।