অনুপস্থিতির জন্য রাষ্ট্রপক্ষকে কারণ দর্শাও নোটিশ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৫, ২০:১৭
 
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) আইনজীবী ফখরুল ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় কোনো কৌঁসুলি উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী ১৫ দিনের মধ্যে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলিকে এর জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিমের  নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এ নোটিশ  দেন।
 
সাকা চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় আজ আদেশের দিন ধার্য ছিল। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের ভারপ্রাপ্ত প্রধান কৌঁসুলি সৈয়দ হায়দার আলী সাংবাদিকদের বলেন, "মামলার তারিখ প্রসিকিউশনে উল্লেখ আছে। এখানে দাফতরিক কোনো ভুল হয়নি। তবে এর পরেও সংশ্লিষ্ট কৌঁসুলি কেন উপস্থিত থাকতে পারেননি, এটা খুঁজে বের করে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।"
 
তিনি আরও বলেন, এ মামলাটি প্রথম দিন থেকে পরিচালনা করছেন জিয়াদ আল মালুম, তাপস কান্তি বল ও জাহিদ ইমাম। এর মধ্যে তাপস কান্তি বলকে জানানো হয়েছিল। কিন্তু কেন তিনি উপস্থিত থাকতে পারেননি, এটা জানার চেষ্টা করছি। এর আগেও একবার এই মামলায় রাষ্ট্রপক্ষের কোনো কৌঁসুলি উপস্থিত না থাকার ঘটনা ঘটেছিল। ফোকাস বাংলা।