শিক্ষাখাতে আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন চুপ রয়েছে? এমন অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট হ্যাক করেছে সাইবার-৭১ একটি সংগঠন।
বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্তও ঢাবির ওয়েবসাইটটিতে প্রবেশ করা যায়নি। এ বিষয়ে ওয়েব প্রোগ্রামার- কাম ওয়েব মাস্টার মোস্তাক আহমেদ জানান, ‘সাইটি হ্যাক করা হয়েছে। এটা ঠিক করার জন্য কাজ করছি।’
বুধবার সন্ধ্যা থেকে ঢাবির ওয়েবসাইটে প্রবেশ করলে দেখা যায়- ‘৫২, ৬৯- এর আন্দোলনের সফলতা এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সূর্য সন্তানদের হাত ধরেই। আজ যখন ভ্যাট নেয়ার নামে শিক্ষাখাতকে বাণিজ্যে পরিণত করা হয়েছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় চুপ কেন? শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর অধিকার অমানুষগুলোকে কে দিয়েছে? এই লজ্জা শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের না; পুরো বাংলাদেশের। শিক্ষাখাতকে পবিত্র রাখতে গর্জে ওঠো বাংলাদেশ। #NovaToneEducation।
এর নিচে লেখা- ‘সাইটের হোমপেজ ছাড়া সম্পূর্ণ তথ্য অক্ষত রয়েছে। অ্যাডমিশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য নিচের লিঙ্কে যেতে পারেন।’ এছাড়াও ভিতরে ঢুকলে জাতীয় সংগীত শোনা যাচ্ছে।
