সাভারে আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১৯:০৮

সাভারে পারিবারিক কলহের জের ধরে আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী শহিদুল ইসলাম পলাতক রয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ওই গৃহবধূর নাম রিনা বেগম (৪৫)। তিনি সাভার হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকার মৃত সামসুল হকের মেয়ে।

নিহতের বোন রিপা আক্তার অভিযোগ জানান, তার বোন রিনা বেগম রাজধানীর শেরেবাংলানগর এলাকার জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে আয়ার চাকরি করতেন। সেখানে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করতেন শহিদুল ইসলাম। এর সূত্র ধরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। গত তিন বছর আগে তাদের বিয়ে হয়। তবে বিয়ের আগেই শহিদুল ব্যবসার কথা বলে রিনা আক্তারের কাছ থেকে কয়েক লাখ টাকা ধার নেয়। সেই টাকা ফেরত চাইলে বৃহস্পতিবার রাতে উভয়ের মধ্যে ঝগড়ার সূত্রপাত হয়।

এর জের ধরে ভোররাতে তার বোন রিনা আক্তারকে পিটিয়ে আহত করে দুলাভাই শহিদুল ইসলাম। এক পর্যায়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে বিষয়টি ধামাচাপা দিতে শহিদুল দগ্ধ রিনাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর ঘাতক শহিদুল হাসপাতাল থেকে কৌশলে পালিয়ে যায়।

পুলিশ জানায়, হত্যাকারী শহিদুল এবং নিহত রিনা উভয়েরই এটি দ্বিতীয় বিয়ে ছিল। পলাতক শহিদুলের গ্রামের বাড়ি বরিশাল জেলায় বলে জানা গেছে। 

আরও পড়ুনঃ গোপালগঞ্জে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ

এ বিষয়ে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম নবী বলেন, ‘নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের এবং ঘাতক স্বামী শহিদুল ইসলামকে গ্রেফতারে চেষ্টা চলছে।’

ইত্তেফাক/নূহু