ভারতে তালেবানি সরকার চলছে : আরশাদ ওয়ার্সি

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৫, ২০:২৪
ভারতে তালেবানের মতো মৌলবাদী সরকারের শাসন চলছে বলে মনে করেন মুন্না ভাই এমবিবিএস এর সার্কিট খ্যাত অভিনেতা আরশাদ ওয়ার্সি। জৈন উৎসবকে কেন্দ্র করে মুম্বাইয়ে মাংস বিক্রি নিষিদ্ধ করার পরিপ্রেক্ষেতে মোদি সরকারকে এক হাত নেওয়া এই টুইটার পোস্টটি অবশ্য পরে মুছে দিয়েছেন তিনি।
 
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে আরশাদ লিখেছেন, ভারতের তালিবানিকরণের প্রক্রিয়াটা ঘটে চলেছে। এটা খুবই উদ্বেগজনক। টুইটারে অভিনেতার দাবি, আমরা আবার পিছন দিকে হাঁটা শুরু করেছি। এই তো সবে শুরু, বাকি আছে অনেক বছর।
 
জৈন উৎসবের জন্যে সম্প্রতি বিজেপি সরকার মহারাষ্ট্রে মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এ ছাড়া কাশ্মীরে গো হত্যা, মাংস বিক্রি ও সংরক্ষণ শাস্তিযোগ্য অপরাধ বলে ঘোষণা করেছে রাজ্য হাইকোর্ট।
 
তবে এহেন ক্ষোভ সরাসরি প্রকাশ করার কী প্রতিক্রিয়া হতে পারে সেকথা ভেবেই হয়ত পোস্টটি টুইটার থেকে সরিয়ে নেন তিনি। কিন্তু টুইটটি মুছে ফেলার আগেই তার অনুসারীরা রিটুইট করেন। এবিপি অনলাইন।