ভ্যাট বিশ্ববিদ্যালয় মালিকদেরকেই দিতে হবে : সুরঞ্জিত

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৫, ১৮:০১

 

বর্তমান সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, তাই ভ্যাট মালিকদেরকে দিতে হবে বলে জানালেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। আজ শুক্রবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ‘বঙ্গবন্ধু একাডেমি’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, কয়েকটি ছাড়া বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থাই বেহাল। মালিকরা অলাভজনক প্রতিষ্ঠানের কথা বলে। কিন্তু আসলে বর্তমান সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, তাই ভ্যাট মালিকদেরকে দিতে হবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স দেয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ শিক্ষা মন্ত্রণালয়কে আরো কঠোর হওয়ার পরামর্শ দেন তিনি।

এদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষক প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষকদের মানসম্মত বেতন ও সুযোগ সুবিধা দেয়ার লক্ষ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানে আসতে হবে। বিষয়টি সরকার উদার হয়ে বিবেচনা করলে একটি গ্রহণযোগ্য মীমাংসায় পৌঁছানো যাবে।

বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা হাজী মো. সেলিমের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ বক্তব্য রাখেন। বাসস।