অভিজিৎ হত্যা : রিমান্ডে আনসারুল্লাহর তিন জঙ্গি

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৫, ১৮:২৯


ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় আটক নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের 'বর্তমান প্রধান' মো. আবুল বাশারসহ তিনজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান শুক্রবার রিমান্ড আবেদনের শুনানি করে এই আদেশ দেন। আটক অন্য দুই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা হলেন- জুলহাস বিশ্বাস ও জাফরান আল হাসান।

মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক ফজলুর রহমান তিন আসামিকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছিলেন। আসামিদের মধ্যে জাফরানের পক্ষে জামিনের আবেদন করা হলে বিচারক তা নাকচ করে দেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে রাজধানীর ফকিরাপুল আনসারুল্লাহ বাংলা টিমের তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, তিনজনের মধ্যে বাশার আনসাররুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রাহমানীর ভাই। রাহমানী কারাগারে থাকায় বাশারই দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন।