চট্টগ্রামে চাঁদাবাজি বন্ধে ব্যবসায়ীদের প্রতিবাদ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৫, ১২:৩৮
দোকান-আড়ৎ বন্ধ রেখে সন্ত্রাসীদের গ্রেফতার ও চাঁদাবাজি বন্ধের দাবিতে নগরীর কোতোয়ালী থানার ফলমণ্ডীতে প্রতিবাদ সমাবেশ করছে ফল ব্যবসায়ীরা।
 
শনিবার সকাল থেকে কোতোয়ালী থানার স্টেশন রোড ফলমন্ডিতে প্রতিবাদ শুরু করে তারা।
 
কয়েকশ দোকান আড়ৎ সহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ করছে ফল ব্যবসায়ী, কর্মচারী, শ্রমিকসহ সংশ্লিষ্টরা। সকাল থেকেই সব ধরনের বেচাকেনা বন্ধ রয়েছে সেখানে। 
 
চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মালেক চৌধুরী বলেন, ফলমণ্ডীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ চলছে।  একইসঙ্গে সব ধরনের চাঁদাবাজি বন্ধের নিশ্চয়তা চাই আমরা।  
 
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, দোকানপাট বন্ধ রেখে সকাল থেকে প্রতিবাদ করছেন ব্যবসায়ীরা।  আমরা বিষয়টি দেখছি।  
 
এর আগে শুক্রবার রাতে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ফলমণ্ডীতে ব্যবসায়ীদের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা।  এতে আহত হন আবদুর রহমান নামে এক ফল ব্যবসায়ী।  গত রাতেই সড়ক অবরোধ করে তারা।