শাকিবের বিয়েতে নাচবেন অপু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৫, ২২:২০
 
পর্দায় নয়, বাস্তবে শাকিব খানের বিয়ে নিয়ে রাজ্যের পরিকল্পনা তার পর্দা জুটি অপু বিশ্বাসের। অপু বলেন, ‘শাকিবের বিয়েতে আমি নাচবো। ডালা-কুলা যারা বহন করবেন তাদের নেতৃত্ব দেবো। অনেক মজা করবো।’
 
শাকিব খানের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অপু বিশ্বাস এমন গুঞ্জন শোনা যাচ্ছিল দীর্ঘ দিন থেকে। তবে শাকিব খান জানিয়েছেন, দু’বছরের আগে বিয়ের পরিকল্পনা নেই।
 
অপু বিশ্বাসও আগামী পাঁচ বছরের আগে বিয়ের কথা মাথায় আনতে চান না। বাংলা চলচ্চিত্রে এ মুহূর্তের অন্যতম সফল জুটি শাকিব খান ও অপু বিশ্বাস সম্প্রতি অংশ নিয়েছেন মাছরাঙা টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজন কেমিস্ট্রি’তে।
 
এই অনুষ্ঠানেই উপস্থাপিকা মুনমুনের সঙ্গে মজার আড্ডায় মেতেছিলেন দু’জনে। শাকিব বিশ্বাস করেন, স্ত্রী হিসেবে অপু হবেন ‘রাফ এন্ড টাফ’। অপু অনুরোধ করেন শাকিবের কাছে, আর দশজন নায়িকার থেকে শাকিব যেন অপুকে একটু হলেও আলাদা করে দেখেন। আহ্লাদিত অপু বলেন, ‘ও সবাইকেই ম্যাডাম বলে। আমাকেও তাই। আমি আলাদা হলাম কি করে?’
 
শাকিব খান এ অনুষ্ঠানেই অকপটে স্বীকার করেন, এখন পর্যন্ত কোনোদিনই মনে করে অপুকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি তিনি। জন্মদিনের উপহারও দেওয়া হয়নি তাকে। এ রকম আরও অনেক মজার তথ্য, গান এবং সারপ্রাইজ দিয়ে সাজানো হয়েছে এবারের কেমিস্ট্রি। অনুষ্ঠানটি প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে ঈদের পরদিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।