টম ক্রুজের শুটিং সেটে বিমান দুর্ঘটনা, নিহত ২

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৫, ১১:৩০
 
কলম্বিয়ায় টম ক্রুজের পরবর্তী চলচ্চিত্র  ‘মেনা’র শুটিং সেটে বিমান দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বিয়ার বিমান কর্তৃপক্ষ ও ছবির নির্মাণ ব্যানার ইউনিভার্সেল পিকচারস এই তথ্য জানিয়েছে। তবে বিমানটিতে টম ক্রুজ ছিলেন না।
 
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।
 
এক বিবৃতিতে ইউনিভার্সেল পিকচারস বলেছে, নিহত ক্রু সদস্যরা ‘মেনা’ ছবির জন্য কাজ করছিলেন।
 
হেলিনেট এভিয়েশনের এক নির্বাহী জ্যাক স্নাইডার বলেছেন, পাইলট আলান ডি পুরউইন নিহতদের মধ্যে একজন। স্নাইডার দুর্ঘটনায় পতিত হওয়া বিমানটির মালিক। 

নিহত পুরউইন হলিউডের ছবি ও টিভি সিরিজগুলোতে আকাশ থেকে বিভিন্ন ফুটেজ চিত্রায়িত করার কাজ করতেন।
 
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যান্টিওকুইয়া অঞ্চলের সান পেড্রো ডেলস মিলারগ্রোস শহরে বিমানটি বিধ্বস্ত হয়।