অশ্লীলতার অভিযোগে বলিউড অভিনেত্রী সানি লিওনকে তলব করেছে ভারতের লুধিয়ানা পুলিশ। দেশটির ‘রক্ষা জ্যোতি ফাউন্ডেশন’ নামে একটি এনজিওর অভিযোগের ভিত্তিতে শনিবার সানি এবং একটি জন্মনিরোধক উৎপাদনকারী সংস্থার কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
আগামী ২১ সেপ্টেম্বর ফের তাদের হাজিরা দিতে বলা হয়েছে। গত বুধবার পুলিশ কমিশনার পরমরাজ সিং উমরানাঙ্গলের কাছে এই অভিযোগ দায়ের করা হয়। ওই এনজিওর অভিযোগ, জন্মনিরোধকের বিজ্ঞাপনের মাধ্যমে সমাজে অশ্লীলতা ছড়াচ্ছেন সাবেক এই পর্ন স্টার।
কিছু দিন আগেই উত্তরপ্রদেশে বাম নেতা অতুলকুমার অনজান মন্তব্য করেছিলেন, ‘সানির অশ্লীল বিজ্ঞাপনে দেশে ধর্ষণ বাড়ছে।’ এ নিয়ে তখন ব্যাপক বিতর্ক সৃষ্টি হয় দেশটিতে। অভিনেত্রী রাখি সাওয়ান্তও সানিকে ভারত থেকে নিষিদ্ধ করার ডাক দিয়েছিলেন। সূত্র: এবিপি
