সুদের টাকা দিতে না পেরে আত্মহত্যা!

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৫, ০১:২৬

বাগেরহাটের চিতলমারীতে ছোট ভাইয়ের সুদের টাকা পরিশোধ করতে না পারায় সুদ ব্যবসায়ীর হুমকিতে বড় ভাই গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে পারিবারিক সূত্রে দাবি করা হয়েছে। পুলিশ নিহত রাম প্রসাদের (৫৬) লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার কালশিরা গ্রামে এ ঘটনা ঘটে।

 
নিহতের মেয়ে চিতলমারী শেরে বাংলা ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী বিথী মালাকার বলেন, আমার কাকা অজয় বালা প্রায় এক বছর আগে বারাশিয়া এলাকার এক সুদ ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লাখ টাকা সুদে আনেন। এরপর সুদে আসলে ১০ লাখ টাকা পরিশোধ করেন। কিন্তু ওই ব্যবসায়ী আরও তিন লাখ টাকা পরিশোধ করতে নানা ভাবে চাপ প্রয়োগ করলে চার মাস আগে কাকা ভারতে পালিয়ে যান। গত বৃহস্পতিবার বিকালে ওই ব্যবসায়ী তার লোকজন নিয়ে বাড়িতে এসে টাকা পরিশোধের জন্য বাবাকে হুমকি দেয়। এক পর্যায়ে টাকা পরিশোধের কোন উপায় না পেয়ে বাবা নিজেই গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। এই মৃত্যুর জন্য তিনি সুদ ব্যবসায়ীদের বিচার দাবি করেছেন।
 

এ বিষয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়ার পর আত্মহত্যার প্ররোচনার দায়ে মামলা রেকর্ড করা হবে।