সাবেক ব্যাংক কর্মকর্তা হত্যায় মৃত্যুদণ্ড

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৫, ১৪:০৩
 
ব্র্যাক ব্যাংকের সাবেক কর্মকর্তা টিএম মেহেদি মাসুদ হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া একজনকে যাবজ্জীবন ও দুইজনকে পাঁচ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার ঢাকার দ্রুত বিচার-৪ এর বিচারক আবদুর রহমান সরদার এই আদেশ দেন।
 
আসামি আবদুল মজিদ ডালিমের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোহম্মদ জাহাঙ্গীরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছর কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া আসামি মোহম্মদ ইদুল ও ফারুক হোসেনকে পাঁচবছর করে কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা অনাদায়ে ছয়মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
 
ইদুল ও জাহাঙ্গীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার বর্ণনা দেন। ২০১১ সালের ১৬ সেপ্টেম্বর শুক্রবার বিকালে আসামি আবদুল মজিদ ডালিমের ফোন পেয়ে মেহেদি তার প্রাইভেটকারসহ সাভারের জামধরায় আসেন। আসামি ইদুল ও ফারুক গাড়িতে ওঠেন। বাইপাস থেকে ডালিম গাড়িতে ওঠেন। আমিনবাজার থেকে জাহাঙ্গীর ও কালু গাড়িতে ওঠে। এরপর তারা টাঙ্গাইলে যান। একপর্যায়ে আসামিরা গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে সেদিন রাতেই গলায় গামছা পেঁচিয়ে মেহেদিকে হত্যা করে। আসামিরা ফুদুল্লা বিজ্রের নিচে ফেলে দিয়ে গাড়ি নিয়ে ঢাকা চলে আসে। এই ঘটনায় মির্জাপুর থানায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করে।
 
তদন্ত ২০১৩ সালের ২৯ সেপ্টেম্বর অভিযোগপত্র দেয়া হয়। ২০১৪ সালের ১ সেপ্টেম্বর আদালত অভিযোগ গঠন করে। এতে ৩১ জনের মধ্যে আদালত ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এই রায় দেয়।
 
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মাহবুবুল রহমান লিখন। অ্যাডভোকেট মোহম্মদ তারিক হোসেন।