মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূইঞা বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবির বিষয়ে একটি সিদ্ধান্ত হয়েছে। অর্থ মন্ত্রণালয় বা জাতীয় রাজস্ব বোর্ড এই বিষয়ে ঘোষণা দেবে। সোমবার মন্ত্রিসভা ও প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
মোশাররফ হোসেন ভূইঞা বলেন, ভ্যাটের বিষয়টি মন্ত্রিসভার বিষয় নয়। এটি নিয়ে সেখানো কোনো আলোচনা হয়নি। তবে প্রধানমন্ত্রী সঙ্গে অর্থমন্ত্রীর এই বিষয়ে কথা হয়েছে।
তিনি বলেন, এই বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে তা শিগগিরই জানা যাবে। অর্থমন্ত্রণালয় বা এনবিআরের পক্ষ থেকে সেটা জানানো হবে।
ভ্যাট প্রত্যাহারের দাবিতে ঢাকার কয়েকটি স্থানে শিক্ষার্থীরা অবরোধ ও বিক্ষোভ করছেন। এর মধ্যেই আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ভ্যাট প্রত্যাহারের বিষয়ে নির্দেশনা দিয়েছেন বলে একটি সূত্রে জানা যায়।
