দুই বাংলার জনপ্রিয় দুই চলচ্চিত্র তারকা শাকিব খান ও পাওলি দামকে নিয়ে নির্মাতা হাসিবুর রেজা কল্লোল নির্মাণ করছেন ‘সত্তা’ নামের ছবি। অথচ সম্প্রতি ‘২৪ঘণ্টা’ নামের ভারতীয় একটি অনলাইন পোর্টাল ভুল তথ্য দিয়ে এই ছবিটির খবর প্রকাশ করেছে।
সেখানে ‘পাওলির ছক্কা’ শিরোনামে খবরটিতে ‘সত্তা’র পরিবর্তে বাংলাদেশে করা পাওলির ছবির নাম বলা হয়েছে ‘ছক্কা’। পাশাপাশি পাওলির বিপরীতে নায়ক হিসেবে শাকিব খানের জায়গায় লিখেছে বাংলাদেশের হার্টথ্রব জাকির!
IMG0
এই খবরে বেজায় চটেছেন পরিচালক হাসিবুর রেজা কল্লোল। তার সাথে যোগাযোগ করা তিনি বলেন, "আগেও কলকাতার অনেক গণমাধ্যম ‘সত্তা’ ছবিটি নিয়ে খবর প্রকাশ করেছে। কিন্তু ‘২৪ঘন্টা’ নামে গণমাধ্যমটি ‘সত্তা’ ছবির নামকে ‘ছক্কা’ নামে খবর প্রকাশ করেছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর একটা খবর। তাছাড়া এ ছবিতে পাওলি দামের নায়ক হিসেবে রয়েছেন শাকিব খান, জাকির আবার কে?"
তিনি আরো বলেন, যদি কোনো বিষয় সম্পর্কে তথ্য জানা না থাকে তবে সে বিষয় নিয়ে কিছু না লেখাই তো ভালো। আমি এমন হাস্যকর খবরের তীব্র নিন্দা জানাচ্ছি।
ছবিটির প্রথম লটের কাজ হয়েছিলো মাস তিনেক আগে। এরপর শাকিব ও পাওলির শিডিউলজনিত সমস্যার কারণে লম্বা বিরতি পড়ে যায়। পরিচালক আবারো ছবিটির নতুন লটের শুটিং শুরু করতে যাচ্ছেন শিগগির। চলতি মাসের ৯ তারিখ পাওলি দামের ঢাকায় আসার কথা ছিলো। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি। কিন্তু ভারতের ওই পত্রিকাটিতে বলা হয়েছে পাওলি এখন ঢাকায় অবস্থান করছেন। এ প্রসঙ্গে কল্লোল বলেন, পাওলি শারীরিকভাবে অসুস্থ। তাই ৯ তারিখ আসতে পারেননি। ওই রিপোর্টটি আগাগোড়াই ভুলে ভরা। শুনেছি অনলাইন পোর্টালটি ভারতে বেশ জনপ্রিয়। এমন একটি পত্রিকায় এ ধরণের বিভ্রান্তিকর খবর কী করে প্রকাশ পায় আমার মাথায় ধরে না।
কবে থেকে শুরু হচ্ছে সত্তা ছবির নতুন দৃশ্যধারণ- এই প্রশ্নের জবাবে কল্লোল বলেন, এ মাসের ১৮ তারিখ থেকে ৫ দিনের জন্য ‘সত্তা’ ছবির শুটিং করবো। শাকিবের সাথে পাওলির শিডিউল মিলিয়ে পরবর্তীতে আবার এ ছবির বাকী কাজ শেষ করবো।
তরঙ্গ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘সত্তা’ ছবিটি সোহানী হোসেনের ‘মা’ ছোটগল্প অবলম্বনে নির্মিত হচ্ছে। পরিচালক কল্লোলের চিত্রনাট্য ও ফেরদৌস হাসান রানার সংলাপে এই সিনেমাতে পাওলি ‘শিখা’ এবং শাকিব ‘সবুজ’ চরিত্রে অভিনয় করছেন। দুই সংগ্রামী মায়ের গল্প নিয়ে আবর্তিত হয়েছে ছবিটির কাহিনী।
