ব্যক্তিত্বের আলোয় উদ্ভাসিত সুস্মিতাকে দেখল ঢাকা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৫, ১৮:১৫
 
রূপের ছটায় নয় বরং ব্যক্তিত্বের আলোয় উদ্ভাসিত সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেনকে দেখলো ঢাকার দর্শক। বঙ্গ ললনা বিশ্ব জয় করেছেন আগেই। এবার বাংলাদেশের মানুষের মন জিতে নিলেন। চুলের সৌন্দর্য বাড়াতে বিশ্বজুড়ে স্বীকৃত ব্র্যান্ড ‘ট্রেসেমে’র বাংলাদেশের বাজারে আসা উপলক্ষকে রাঙিয়ে তুলতে গতকাল রবিবার বাংলাদেশে এসেছিলেন সুস্মিতা।
 

স্টেজে ঘুরে ঘুরে দর্শকদের অভিবাদন জানান সুস্মিতা। মঞ্চে তার সঙ্গে ছিলেন ‘ট্রেসেমে’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং পৃথিবী বিখ্যাত হেয়ার আর্টিস্ট ড্যানিয়েল বাওয়ার। সুস্মিতা বললেন, ‘নমস্কার ঢাকা। এতো যেন আমার নিজের বাড়িতেই এলাম।’ প্রিয় অভিনেত্রীর মুখে বাংলা শুনে হুল্লোড় উঠলো দর্শক সারিতে। বললেন, ‘আমি বাংলা বলতে জানি।’ আর জানালেন বাংলাদেশ তার মনে স্থান করে নিয়েছে সেই ২১ বছর আগে। ১৯৯৪ সালে যেদিন তিনি ‘মিস ইউনিভার্স’ খেতাব জিতেছিলেন। জানালেন, সেদিন লস এঞ্জেলেসে বসবাসকারী বাংলাদেশিরা সবাই তাদের রেস্টুরেন্টের খাবার বিনামূল্যে সবার কাছে বিলিয়েছিলেন, একজন বাঙালির মিস ইউনিভার্স হওয়ার আনন্দে। সুস্মিতা সেন তার মায়ের প্রসঙ্গ টেনে বললেন, সব মেয়ের মাঝেই দেবী দুর্গা রয়েছেন। দুর্গার শক্তি রূপই নারীর প্রধান পরিচয়। বাংলাদেশের মেয়েদের মধ্যেও তিনি সেই শক্তির পরিচয় দেখেছেন বলে জানালেন সুস্মিতা।

 

ফ্যাশন শো-তে বাংলাদেশের মেয়েদের প্রশংসা করতে গিয়ে সুস্মিতা বলেন, ‘সবাই অসাধারণ করেছে। আমার মা আমাকে টিটান বলে ডাকে। তিনি সবসময় বলতো তুমি মা দুর্গার মেয়ে। সবসময় দুর্গার শক্তি নিয়ে পথ চলবে। এখানে র্যাম্পে মেয়েদের দেখে সে কথাটাই আবার মনে পড়ে গেল।’ সুস্মিতা আরো জানালেন তাঁর বাবা তাকে গান শিখিয়েছিলেন। স্টেজে সুস্মিতা গান না গাইলেও রবীন্দ্রসঙ্গীতের কয়েকটি লাইন ‘আমি চিনি চিনি তোমারে ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধুপাড়ে ওগো বিদেশিনী’ আওড়ে যান। তারপর আবার সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নেন।

 

মানুষের সৌন্দর্য প্রকাশিত হয় কার মধ্য দিয়ে? দৈহিক সৌন্দর্য নাকি তার ব্যক্তিত্ব ও বুদ্ধিমত্তায়। সবাই স্বীকার করবেন ব্যক্তিত্বে, বুদ্ধিমত্তায়। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিকে সে কথাই যেন নতুন করে শিখিয়েছেন সুস্মিতা। রূপালি পর্দায় লাজুক নারীর আদলে উপস্থাপনের চাইতে বরং নিজেকে একজন ব্যক্তিত্বময়ী হিসাবেই তুলে ধরতে চেয়েছেন তিনি। পেরেছেনও।

 

ইউনিলিভারের হেয়ার কেয়ার ব্র্যান্ড ‘ট্রেসেমে’ বাজারজাতকরণ উপলক্ষে আয়োজন করা এক ফ্যাশন শোয়ের শো স্টপার হয়ে বাংলাদেশে এসেছিলেন সাবেক এই বিশ্বসুন্দরী। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে তখন উজ্জ্বল আলোর ঝলকানি। চারপাশের এতো আলোকেও ম্লান করে দিয়ে স্টেজে দেখা দিলেন সুস্মিতা সেন। পরনে লাল টকটকে গাউন। হল জুড়ে তখন শুধুই চিত্কার শোনা যাচ্ছে।

 

সম্প্রতি বিখ্যাত ব্র্যান্ডটি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে ইউনিলিভার বাংলাদেশ। পণ্যটির বাজারজাতকরণ উপলক্ষে গতকাল ফ্যাশন শো’র আয়োজন করা হয়। ইউনিলিভার বাংলাদেশের ব্র্যান্ড ডিরেক্টর জাভেদ আখতার এর উদ্বোধন করেন।

 

নারী সাধারণত ঋতুর বৈচিত্র্যও উপর ভিত্তি করে তার চুল সাজিয়ে থাকে। বিষয়টিকে প্রাধান্য দিয়ে গ্রীষ্ম, শরত্, শীত এবং বসন্ত এই চার ঋতুকে কেন্দ্র করে সাজানো হয় ফ্যাশন শোটি। এতে সুস্মিতা সেন ছাড়াও অংশ নেন বাংলাদেশের জনপ্রিয় তারকা সাদিয়া ইসলাম মৌ, বিদ্যা সিনহা মীম এবং মেহজাবীন চৌধুরী। সঙ্গে ছিল বাংলাদেশের সেরা মডেলরা। এছাড়াও অনুষ্ঠানে গান গেয়ে শোনান দেশের জনপ্রিয় শিল্পী এলিটা ও ব্যান্ড নেমেসিস।

 

এর আগেও বাংলাদেশে দুবার ঘুরে গেছেন সুস্মিতা। এবার তৃতীয়বারের মত এলেন ঢাকায়। গতকাল দুপুর সাড়ে বারোটায় জেট এয়ারওয়েজের একটি বিমানে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। ইউনিলিভারের আয়োজনে তার এই ঢাকা সফর। আয়োজক সূত্র জানায়, আজ সোমবার সুস্মিতা ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।