সাবেক প্রতিমন্ত্রী মোশাররফের বিরুদ্ধে মামলা চলবে

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৫, ১৮:২৮
 
বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বাতিলে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। রায়ের অনুলিপি পাওয়ার সাত সপ্তাহের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মমর্পণ করতে বলা হয়েছে। বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি এসএম মজিবুর রহমানের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই রায় দেন।
 

বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার সরকারের বিভিন্ন মন্ত্রীর বিরুদ্ধে কয়লা খনির মামলা দায়ের করে দুদক। ২০০৮ সালে করা এই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন দাখিল করেন মোশাররফ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল ও মামলার কার্যক্রম স্থগিত করে দেয়। দীর্ঘ সাত বছর পর ওই রুলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। দুদকের পক্ষে মামলা পরিচালনা করেন খুরশীদ আলম খান। শুনানি শেষে হাইকোর্ট রুল খারিজ করে দিয়ে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়।