মানহানি মামলায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম এবং তৎকালীন প্রকাশক মোস্তফা জামাল উদ্দীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নড়াইলের একটি আদালত। মঙ্গলবার সকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ মোহাম্মদ জাকারিয়া এ আদেশ দেন।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু ১০ কোটি টাকার মানহানি মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৮ মে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১০ম পৃষ্ঠায় ‘ফোরামের দাপটে অস্থির ক্রীড়াঙ্গন’ শিরোনামে আশিকুর রহমান মিকুকে জড়িয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ঐ বছরের ৩ জুন মিকু বাদি হয়ে নড়াইল সদর আমলি আদালতে পত্রিকার সম্পাদক এবং তৎকালীন প্রকাশক মোস্তফা জামাল উদ্দীনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্তের নিদের্শ দেয়।
২০১৪ সালের ২ এপ্রিল পত্রিকার প্রকাশক এবং সম্পাদকের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। মামলার আসামিরা আদালতে হাজির না হওয়ায় আজ তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
