বৈদ্যুতিক মিটার টেম্পারিং: ৫ গ্রাহককে পৌনে ৬ লাখ টাকা জরিমানা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৫, ১৮:৪১
বৈদ্যুতিক সংযোগের মিটারের রিডিং অবৈধভাবে টেম্পারিংয়ের  অভিযোগে ভ্রাম্যমাণ আদালত গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির পাঁচ গ্রাহকের কাছ থেকে পাঁচ লাখ ৭৫ হাজার ৯৪৪ টাকা জরিমানা আদায় করেছে। মঙ্গলবার গাজীপুর মহানগরীর পূবাইল এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করে।
 
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (টেকনিক্যাল) শেখ মোহাম্মদ আলী জানান, ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরোজ সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন।  এ সময় মিটার টেম্পারিং করে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মহানগরীর পূবাইলের নৈপাড়া এলাকার বাসিন্দা জহিরুল ইসলামকে ৯৪ হাজার ১২৪ টাকা, মাঝুখান এলাকার মোহাম্মদ জাহাঙ্গীরকে ৫৯ হাজার ১৫ টাকা, করতমলা এলাকার জালাল উদ্দিনকে এক লাখ ৪০ হাজার ৯৩৫ টাকা, মধ্য খাইলকুর এলাকার মোশারফ হোসেনকে এক লাখ পাঁচ হাজার ৮২৬ টাকা ও তালটিয়া এলাকার আহাদুল্লাহকে এক লাখ ৭৬ হাজার ৪৪ টাকা জরিমানা করা হয়।