পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৫, ২১:৩২
 
পুঁজিবাজারে মঙ্গলবার সার্বিক মূল্য সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। এ নিয়ে টানা চার কর্মদিবস ডিএসইর সার্বিক মূল্য সূচক বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বাড়লেও লেনদেন কমে ৪২০ কোটি টাকায় নেমে এসেছে।
 
তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪২০ কোটি ৪০ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ১৬ কোটি ৬০ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ারের।
 
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৬২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৬ কোটি ৩ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ১ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৪১টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের।