কেন্দ্রীয় শহীদ মিনারে মহসীন আলীকে শ্রদ্ধা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৫, ১১:০৯
সমাজকল্যাণমন্ত্রী ও মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর মরদেহ সকালে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। বুধবার সকালে এই আওয়ামী লীগ নেতার মরদেহ মিন্টো রোডের বাসা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রধান বিচারপতি এস কে সিনহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন এবং সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
 
এরপর মহসিন আলীর মরদেহ জাতীয় ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে। সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, চিফ হুইপ, হুইপ ও সংসদ সদস্যবৃন্দ মন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় তাকে গার্ড-অব-অনার প্রদান করা হবে। পরে সেখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
 
সেখান থেকে হেলিকপ্টারে মন্ত্রীর মরদেহ মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে এবং শহরে তার বাসভবন দর্জিমহলে নিয়ে যাওয়া হবে তাকে। পরে তার মরদেহ মৌলভীবাজার সরকারি হাইস্কুল মাঠে শহীদ মিনারে বিকাল ২টা থেকে ৪টা পর্যন্ত রাখা হবে। সর্বস্তরের মানুষ এখানে তার প্রতি শ্রদ্ধা দিবেদন করবেন। বাদ আসর হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদির (র.) মাজারের পশ্চিম পাশে মা-বাবার কবরের পাশে তার দাফন সম্পন্ন হবে।
 
সৈয়দ মহসিন আলী সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সোমবার বাংলাদেশ সময় সকাল ৯টা ৫৯ মিনিটে সৈয়দ মহসিন আলী মারা যান।
 
মহসিন আলী  দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হার্টের সমস্যায় ভুগছিলেন। হঠাৎ শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়ায় ৩ সেপ্টেম্বর তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ৫ সেপ্টেম্বর তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে সিঙ্গাপুর নেয়া হয় এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ১০ দিন চিকিত্সা চলে।