বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি সংক্রান্ত মামলায় হাইকোর্টের রুলের ওপর বৃহস্পতিবার রায় দেয়া হবে।
বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি আব্দুর রব সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে বিষয়টির ওপর রায় দেয়া হবে। এ বেঞ্চে বিষয়টি রায়ের জন্য (ফর জাজমেন্ট) কাল ১৭ সেপ্টেম্বর দিন ধার্য রেখে সুপ্রিমকোর্টের হাইকোর্টের এ বেঞ্চের কার্যতালিকা মঙ্গলবার প্রকাশ করা হয়। সুপ্রিমকোর্টের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়। এ ছাড়াও খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী রায় ঘোষণার দিন ধার্যের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি সংক্রান্ত মামলায় হাইকোর্টের রুলের ওপর গত ৩০ আগস্ট শুনানি শেষে যে কোন দিন রায়ের জন্য (সিএভি) রাখা হয়েছিল। তিনি বলেন, খালেদা জিয়ার আবেদনের প্রেক্ষিতে জারি করা রুলের ওপর উভয়পক্ষের শুনানি শেষে বিষয়টি সিএভি রাখা হয়।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।
বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি সংক্রান্ত মামলায় চারদলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওই সরকারের ১০ মন্ত্রীসহ ১৬ জনকে আসামি করা হয়। ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়। ওই বছর ৫ অক্টোবর ১৬ জনের বিরুদ্ধেই অভিযোগপত্র দাখিল করে দুদক। এক আবেদনের প্রেক্ষিতে ২০০৮ সালের ১৬ অক্টোবর খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট। মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করা হয়েছিল। বাসস।
