জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে গ্রেফতার হওয়া গার্মেন্ট ব্যবসায়ী এনামুল হক আরেক মামলায় জবানবন্দি দিয়েছেন। বুধবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহানা ইয়াসমিনের আদালতে এই জবানবন্দি গ্রহণ করা হয়।
এনামুলের আইনজীবী ইফতেখার হোসেন চৌধুরী জানান, হাটহাজারী থানার সন্ত্রাস দমন আইনের মামলায় এনামুল জবানবন্দি দিয়েছেন।
তিনি বলেন, ব্যবসায়িক কাজেই এনামুলকে টাকা দেয়া হয়েছিল। কাজে না লাগায় তিনি তা ফেরত দিয়ে দেন। জমা দেওয়ার সময় তিনি দস্তখত ও মোবাইল ফোন নম্বর দিয়েছিলেন।
গত ৫ সেপ্টেম্বর ঢাকার তুরাগের তালতলা এলাকা থেকে ‘গোল্ডেন টাচ’ নামের পোশাক কারখানার পরিচালক এনামুল হককে গ্রেফতার করে র্যাব। পরে তাকে বাঁশখালীর লটমনি পাহাড়ে জঙ্গি আস্তানা থেকে অস্ত্র উদ্ধারের মামলায় গ্রেফতার দেখানো হয়। এই মামলায় গত ১০ সেপ্টেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এনামুল।
