চট্টগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার চট্টগ্রাম জেলার অতিক্তি দায়রা জজ-২ (ভারপ্রাপ্ত) মো. সিরাজুদ্দৌলাহ কুতুবী এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আশ্রাফ আলী (৩৫) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের রূপনগর এলাকার আবদুর রহমানের ছেলে। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, বিয়ের পর থেকেই স্ত্রী ছানোয়ারা বেগমকে নির্যাতন করতেন আশ্রাফ আলী। ২০১০ সালের ৬ ফেব্রুয়ারি আশ্রাফ তার এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলমকে জানান স্ত্রীকে পাওয়া যাচ্ছে না। খোঁজাখুঁজির পর বাড়ির কাছে একটি পাহাড়ে ছানোয়ারার বস্তাবন্দি লাশ পাওয়া যায়। লাশ উদ্ধারের পরদিন ছানোয়ারার বাবা আবু মিয়া হত্যা মামলা দায়ের করেন।
২০১০ সালের ১০ জুলাই পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। এরপর ২০১২ সালের ২ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার বিচার কাজ শুরু হয়।
