মিসরে নিজ দেশের নাগরিক হত্যায় ক্ষুব্ধ মেক্সিকো

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৫, ১৫:২৮
 
মিসরে নিজ দেশের নাগরিক হত্যায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটো। মিসরীয় নিরাপত্তা বাহিনীর হাতে তার দেশের আট পর্যটক নিহত হওয়ার ঘটনায় তিনি এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এদিকে 'অযৌক্তিক ওই হামলার' ঘটনার জরুরি তদন্তের দাবি জানাতে মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী ক্লাউডিয়া রুয়িজ মাসিউ বুধবার কায়রো এসে পৌঁছেছেন।
 
মিসরীয় কর্তৃপক্ষ জানায়, গত রবিবার বিস্তীর্ণ ওয়েস্টার্ন ডেজার্টের একটি এলাকায় জিহাদিদের ধাওয়া করার সময় নিরাপত্তা বাহিনী ভুল করে মেক্সিকো ও মিসরের মোট ১২ জনকে হত্যা করে। নিরাপত্তা বাহিনী যখন জিহাদিদের ধাওয়া করছিল ঠিক সে সময় নিহতদের বহনকারী গাড়ি বহর নিয়ন্ত্রিত ওই এলাকায় ঢুকেছিল। ফলে ভুলবশত এ ঘটনা ঘটে। এ সময় বেঁচে যাওয়া ব্যক্তিরা মেক্সিকো দূতাবাসকে জানান, তাদের ওপর একটি বিমান ও হেলিকপ্টার থেকে বোমা বর্ষণ করা হয়।
 
মেক্সিকো প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মিসরীয় প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি 'দুঃখজনক' এ ঘটনায়’ তার 'খুবই আন্তরিক শোক' জানাতে পেনা নিয়েটোর সঙ্গে আলাপ করেন। বিবৃতিতে বলা হয়েছে, "প্রেসিডেন্ট পেনা নিয়েটো দুই দেশের নাগরিকদের মৃত্যুতে গভীর হতাশা, দুঃখ এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।" মেক্সিকো নেতা ঘটনার একটি বিস্তারিত ও ত্বড়িৎ তদন্তের আহ্বান পুনর্ব্যক্ত করেন।
 
এদিকে দুঃখজনক এ ঘটনার জট খুলতে মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রী ক্লাউডিয়া রুয়িজ মাসিউ বুধবার কায়রো এসে পৌঁছান। তার সঙ্গে নিহত চার ব্যক্তির আত্মীয়স্বজন রয়েছেন।
 
রুয়িজ মাসিউ বুধবার কায়রোর উপকণ্ঠে একটি হাসপাতালে চিকিৎসাধীন আহত মেক্সিকোর ছয় নাগরিককে দেখতে যাবেন বলে তার সফরসঙ্গী উর্ধ্বতন এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’কে জানান। বাসস।