রাজাপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে আগুন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৫, ১৬:২০
ঝালকাঠির রাজাপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতার গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার মেডিকেল মোড় এলাকায় প্রার্থীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, ৩নং রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ফ্রিজ প্রতীক নিয়ে লড়াই করছেন স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সহ -সভাপতি আনোয়ার হোসেন মজিবর মৃধা। তার সঙ্গে আরও চার আওয়ামী লীগ নেতা এ নির্বাচনে লড়াই করছেন। মঙ্গলবার গভীর রাতে প্রার্থীর বাসার সামনে রাখা তার একটি মালবাহী ট্রাকে পেট্টোল দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাকের পেছনের অংশ পুড়ে যায়। এ সময় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 
প্রার্থী আনোয়ার হোসেন মজিবর মৃধা বলেন, ‘নির্বাচনে আমার ব্যাপক জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে নাশকতার জন্য এ ঘটনা ঘটিয়েছে। তবে এ ব্যাপারে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’