শত প্রতিকূলতা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার দেশে গণমাধ্যমের অবাধ স্বাধীনতা প্রতিষ্ঠা করতে পেরেছে বলে মন্তব্য করলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার প্যারিসের স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় ফ্রান্স প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মন্ত্রী এসব কথা বলেন।
জাতিসংঘের শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কোর আমন্ত্রণে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ৩ দিনের সফরে বর্তমানে প্যারিসে অবস্থান করছেন। প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে অনুষ্ঠিত ২টি সেমিনারে তিনি বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
সফরের শেষ দিনে মন্ত্রী কমিউনিটি নেতৃবৃন্দ ও স্থানীয় বাংলা গণমাধ্যম সংবাদকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বিএনপির রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, বেগম খালেদা জিয়া দুদিন আগে ডানপন্থার রাজনীতি করেছেন। কিন্তু এখন অতি ডানপন্থায় চলে যেয়ে সাম্প্রদায়িক শক্তি, জঙ্গীবাদীদের শক্তি ও যুদ্ধাপরাধীদের শক্তির সঙ্গে প্রকাশ্যে মিশছেন। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া জঙ্গীদের সঙ্গে হাত মিলিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জঙ্গীবাদীদের এসব যুদ্ধ মোকাবিলা করে দেশে গণতন্ত্র, আইনের শাষন, মুক্তিযুদ্ধের চেতনা ও গণ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হচ্ছে।
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্রের অধিকার রক্ষার জন্য তিনি জনগণকে বিভ্রান্ত না হয়ে শেখ হাসিনা সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান। জঙ্গীবাদ ও সাইবার অপরাধের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের কথাও জানান তিনি। তিনি আরো বলেন, বর্তমান সরকার আইনের শাষনে বিশ্বাসী বলেই বঙ্গবন্ধু হত্যা, ব্লগার হত্যা, ২১ আগস্টের হামলা ও আগুন যুদ্ধের খুনিদের বিচারের আওতায় এনে বিচার কার্য চালিয়ে যাচ্ছে।
সাক্ষাৎ প্রার্থীদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী প্রবাসীদেরকে স্বর্ণ প্রবাসী হিসেবে আখ্যায়িত করে বলেন, সরকার প্রবাসীদের কল্যানে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করেছে এবং বিমানবন্দরে প্রবাসীরা যাতে কোন হয়রানির স্বীকার না হয় সে ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ নিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, সাধারণ সম্পাদক আবুল কাশেম, মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, কমিউনিটি ব্যক্তিত্ব আবদুল্লাহ আল বাকী, ওয়াহিদ ভার তাহের, মুজিবুর রহমান, জাকির হোসেন ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম, রাজ্জাক মোল্লা, কবি হাসান, সাংবাদিক দেবেশ বড়ুয়া, সাংবাদিক ফয়সল আহমেদ দ্বীপসহ আরো অনেকে।
