পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী নর্থবেঙ্গল পেপার মিলস হাইস্কুলের শ্রেণিকক্ষে শিক্ষিকাকে সাপ দেখিয়ে ভয় দেখানোর ঘটনাকে কেন্দ্র করে সহকারী প্রধান শিক্ষককে পিটিয়েছে ছাত্রলীগ কর্মিরা। বুধবার দুপুরে এ ঘটনার প্রতিবাদে ও অপরাধীদের গ্রেফতারের দাবীতে থানায় অভিযোগ দায়ের, ক্লাস বর্জন ও মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক জানান, মঙ্গলবার সকালে বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র তাফসির আহমেদ একটি প্লাস্টিকের সাপ শিক্ষিকা খাদেজা পারভিনের গায়ে ছুঁড়ে মারে। শিক্ষিকা ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠেন। চিৎকার শুনে অন্যান্য শিক্ষকরা জড়ো হলে শিক্ষিকা বিষয়টি তাদেরকে জানান। ঘটনাটি শুনে সহকারী প্রধান শিক্ষক নিত্যনন্দন সুত্রধর ক্লাশে গিয়ে ছাত্র তাফসিরকে শাসিয়ে সাপটি কেড়ে নিয়ে আসেন।
ঘটনার পর ওই ছাত্র বাড়ী গিয়ে তার ভাই ঈশ্বরদীর আলোচিত মামলার ভিক্টিম ছাত্রলীগ নেতা সৌরভ হোসেন টুনটুনি ওরফে হাতকাটা টুনটুনিকে জানায়। এরপর টুনটুনি তার সহকর্মি মুন্নাকে সাথে নিয়ে বিদ্যালয়ের ক্লাশ রুমে ঢুকে সহকারী প্রধান শিক্ষকের পেটে ধারালো অস্ত্রাঘাতের চেষ্টা করে। কিন্তু টুনটুনি একটি হাত না থাকায় সে ব্যর্থ হয়। এরপর তারা শিক্ষককে বেদম মারপিট করে। বিষয়টি থানায় লিখিত ভাবে জানানো হয়েছে। টুনটুনি ও মুন্নার গ্রেফতার দাবীতে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয়ে ক্লাস বর্জন ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
IMG0
মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, পাকশী পেপার মিলস স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ব্যবস্থাপক এ কে এম মহিউদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ, মহিলা অভিভাবক প্রতিনিধি আইরিন খান, সিকিউরিটি ইনচার্জ দাউদ খানসহ এলাকার ব্যক্তিবর্গ দোষীদের গ্রেফতার দাবী করে বক্তব্য রাখেন।
এ বিষয়ে ছাত্রলীগ পাকশী শাখার সাধারণ সম্পাদক মিরাজ হাসান জানান, টুনটুনি ও মুন্না ছাত্রলীগের সক্রিয় কর্মী। এর আগে একই কমিটির সভাপতি সদরুল হক পিন্টুর সঙ্গে গ্রুপিংয়ের কারণে পিন্টু গ্রুপ টুনটুনির বামহাত কেটে ফেলে। এই মামলায় প্রধান আসামী হিসেবে বর্তমানে সভাপতি পিন্টু জেল হাজতে রয়েছে। তবে তিনি টুনটুনির এই ধরনের কাজের তীব্র নিন্দা জানান। একই সাথে টুনটুনির বিষয়ে কোন দায়ভার ছাত্রলীগ নেবে না বলে জানান মিরাজ হাসান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস জানান, স্কুলের পক্ষ থেকে থানাতে অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ গুরুত্ব দিয়ে এ ঘটনার সাথে দোষীদের গ্রেফতার চেষ্টা চলছে। ফোকাস বাংলা।
