পুঁজিবাজারে সূচকের সামান্য পতন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৫, ২১:২৮
 
টানা ৪ দিন ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হওয়ার পর বুধবার দেশের উভয় পুঁজিবাজারে মূল্য সূচকের সামান্য পতন হয়েছে। সূচকের পতন হলেও লেনদেন কিছুটা বেড়েছে।
 
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ৫ পয়েন্ট। এর ফলে ডিএসই সূচক ৪ হাজার ৮০০ পয়েন্টের নিচে নেমে এসেছে। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৯৬ পয়েন্টে।
 
ডিএসইর লেনদেনে অংশ নেয়া ৩২০টি ইস্যুর মধ্যে দিন শেষে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৬৬টির ও অপরিবর্তিত রয়েছে ৪৬টির দর।
 
খাত-ভিত্তিতে দেখা যায়—জ্বালানি, বিমা ও ওষুধ খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। তবে মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে অন্যান্য খাতে।
এদিকে দিন শেষে লেনদেন হয়েছে ৪২৭ কোটি ৪১ লাখ টাকা। মঙ্গলবারের তুলনায় লেনদেন বেড়েছে ৭ কোটি টাকা। এ নিয়ে টানা ১০ দিন ডিএসইতে ৪০০ কোটি টাকার ঘরে লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড এয়ার। দিনশেষে কোম্পানিটির ২৪ কোটি ৩৮ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংকের লেনদেন হয়েছে ১৯ কোটি ২৫ লাখ ৬ হাজার টাকা। ১৪ কোটি ৯৭ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বিএসআরএম।
 
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ৫ পয়েন্ট কমে দিনশেষে ৮ হাজার ৯৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৮ কোটি টাকা।