তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে কুর্দি বাহিনীর বোমা হামলায় ৫ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তুরস্কের নিরাপত্তা বাহিনীর সূত্রে খবরটি জানিয়েছে এএফপি।
নিরাপত্তা কর্মকর্তারা বার্তা সংস্থাটিকে জানায়, সিরিয়ার সীমান্তবর্তী নুসাইবিন শহরে যাওয়ার পথে পুলিশের গাড়িতে হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত ও অপর এক কর্মকর্তা গুরুতর আহত হন।
অপরদিকে দক্ষিণ-পূর্বাঞ্চলের ইরাক সীমান্ত সংলগ্ন গোলযোগপূর্ণ হাক্কারি প্রদেশে একই ধরনের আরেক হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত ও অপর দুই আহত হয়েছেন। কর্মকর্তারা, কুর্দির ওয়ার্কারস পার্টি ( পিকেকে)-কে এ ঘটনার জন্যে দায়ী করেছেন।
তারা জানান, ইরাকের পূর্বাঞ্চলে ও তুরস্কের দক্ষিণাঞ্চলে সেনাবাহিনী পিকেকে’র বিরুদ্ধে অভিযান চালালে সরকার ও বিদ্রোহীদের মধ্যে জুলাই মাসের যুদ্ধ বিরতি ভেঙ্গে যায়। তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাতোলি রোববার জানিয়েছে, পুনরায় যুদ্ধ শুরু হওয়ার পর ১১৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ও ১৯২ পিকেকে বিদ্রোহী নিহত হয়েছেন।
কুর্দি সংখ্যালঘুদের স্বধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষে পিকেকে ১৯৮৪ সাল থেকে অস্ত্র ধরার পর অন্তত ৪০ হাজার লোক মারা গেছে।
