বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকাকে দেয়া এক সাক্ষাত্কারে তার দেশে জঙ্গিবাদ দমনে ব্রিটিশ সরকারকে আরো বেশি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে ব্রিটিশ জিহাদিদের ইন্ধনে কিভাবে জঙ্গিবাদের বিস্তার ঘটছে, সেরকম একটি প্রতিবেদনের অংশ হিসেবে গার্ডিয়ান তার এই সাক্ষাত্কার নেয়।
গার্ডিয়ানের প্রতিবেদনে কিভাবে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে বাংলাদেশিদের মধ্যে জঙ্গি মতাদর্শের বিস্তার ঘটেছে, প্রায় ৩০ জন বাংলাদেশি বংশোদ্ভূত জিহাদি সিরিয়ায় লড়াই করতে গেছেন, কিভাবে এরা বাংলাদেশেও জঙ্গি নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে, সেসব বিষয় উল্লেখ করা হয়; কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ করেছেন, পূর্ব লন্ডনে জামায়াতে ইসলামীর তত্পরতার প্রতি। তিনি বলেছেন পূর্ব লন্ডনে তাদের অনেক প্রভাব, এটা সত্যি, সেখানে তারা অর্থ সংগ্রহ করে তারপর সেই অর্থ বাংলাদেশে পাঠায়। তিনি আরো বলেছেন, মৌলবাদীরা বাংলাদেশে তত্পরতা বাড়ানোর চেষ্টা করছে এবং কিছু কিছু লোক তাদের মদদ দেয়ার চেষ্টা করছে; কিন্তু সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। এই জঙ্গিবাদ দমনে শেখ হাসিনা আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন।
