ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার পল কলিংউডের মতে তার জাতীয় দলকে অবশ্যই ৫০ ওভারের বিশ্বকাপকেও অ্যাশেজ সিরিজের সমান গুরুত্ব দিতে হবে। অধিকাংশ তরুণ খেলোয়াড়কেই এ জন্য কাজে লাগাতে হবে।
ইংল্যান্ড কখনো বিশ্বকাপ শিরোপা জয় করতে পারেনি। কিন্তু বিশ্বকাপের আগামী আসর ২০১৯ সালের আয়োজক ইংলিশরা। ইংল্যান্ড ওয়ানডে দলের পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া কলিংউড বিবিসিকে বলেন, আমাদের নিশ্চিত করতে হবে যে, এ্যাশেজ জয়ের মত বিশ্বকাপও সমান গুরুত্বপূর্ণ । তিনি বলেন, তরুণ খেলোয়াড়দের এগিয়ে আসার জন্য এটা বড় একটা সুযোগ এবং তাদের এখানে অবশ্যই বিশেষ কিছু করতে হবে।
২০১৫ বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকে বিদায় নেয়ার পর নিজ মাঠে পুরো গ্রীষ্মেই অনেক বেশি আক্রমণাত্মক ওয়ানডে ক্রিকেট খেলেছে ইংল্যান্ড। তারা বিশ্বকাপ রানার্স-আপ নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে। এরপর এই আগস্টে অ্যাশেজ সিরিজ পুনরুদ্ধার করার পর বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে।
এ পর্যন্ত সীমিত ওভারের ক্রিকেটে মাত্র একবারই ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ী ইংল্যান্ড দলের নেতৃত্ব দেয়া ও তিনবার অ্যাশেজ জয়ী কলিংউডের বিশ্বাস ২০১৯ আসরে ৫০ ওভারের বিশ্বকাপ শিরোপা জয়ের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম মত অনেক খেলোয়াড় ইংলিশ দলে রয়েছে।
আগামী নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভার সিরিজে এবং আগামী বছর ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলের কোচের দায়িত্ব পাওয়া কলিংউড বলেন, আমার দৃষ্টিতে ইংলিশ ক্রিকেটের সঙ্গে জড়িত হওয়ার ক্ষেত্রে এটাই দারুণ সময়। সাবেক এ ক্রিকেটার বলেন, আমাদের দলে এমন কিছু খেলোয়াড় রয়েছে যারা খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম এবং আশা করছি, তারা শীর্ষে পৌঁছতে পারবে। অন্য যে কোন সময়ের চেয়ে তারা এ ধাপ এগিয়ে রয়েছে। বাসস
