যুক্তরাষ্ট্রে শফিক রেহমানকে প্রতিরোধের ঘোষণা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৫, ১৭:৫৫


‘পরোক্ষভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু কামনা’ করায় সাংবাদিক শফিক রেহমানকে যুক্তরাষ্ট্রে প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে নিউইয়র্ক আওয়ামী লীগ।

আওয়ামী লীগ কুইন্স বরো শাখার এক সভা থেকে সোমবার এই প্রতিরোধের ঘোষণা দেয়ে হয়। এ সময় তাকে দেশে নিয়ে বিচারের মুখোমুখি করারও দাবি জানানো হয়।

নিউইয়র্ক আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, “আজ থেকে যুক্তরাষ্ট্রের কোথাও তাকে মিটিং করতে দেওয়া হবে না। যেখানে শফিক রেহমান, সেখানেই প্রতিরোধ।”

তিনি আরো বলেন, "একাত্তরের ঘাতকদের অর্থে শফিক রেহমান ও অন্যরা বিদেশে বসে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। চিহ্নিত দালাল শফিক রেহমান শেখ হাসিনা সম্পর্কে যে মন্তব্য করেছেন তা ক্ষমার অযোগ্য।”

কুইন্স বরো আওয়ামী লীগের সভাপতি হাজী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন যশোর-২ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম, কুইন্স বরো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম শফিকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর ম্যানহাটনের নর্থ আমেরিকা বাংলাদেশ সম্মেলনে ‘বাংলাদেশে গণতন্ত্রায়নে গণমাধ্যমের ভূমিকা: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে শফিক রেহমান এক পর্যয়ে একটি রুশ কৌতুক বলেন।

ঐ কৌতুকে পরোক্ষভাবে প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করা হয়েছে বলে অভিযোগ আওয়ামী লীগ নেতাকর্মীদের।

কৌতুকে বলা হয়- “একজন পাঠক প্রতিদিন একটি দৈনিক পত্রিকা কিনে তার প্রথম পাতা দেখেই পত্রিকাটি ফেলে দেয়। একদিন হকার সেই ব্যক্তির কাছে এর কারণ জানতে চাইলে লোকটি বলে, ‘আমি একটি মৃত্যুসংবাদের অপেক্ষায় আছি।’ হকার বলে, ‘মৃত্যু সংবাদ তো সচরাচর ভেতরের পাতায় থাকে। জবাবে লোকটি বলে, ‘আমি যে মৃত্যু সংবাদটির অপেক্ষায় আছি তা পত্রিকার প্রথম পাতায় থাকবে।’ ”

এ সময় সেমিনারের অন্য আলোচক এবং দর্শকরা শফিক রেহমানের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন বলে জানিয়েছেন, সেমিনারের প্যানেল আলোচক সাপ্তাহিক বর্ণমালার সম্পাদক মাহফুজুর রহমান।

-বিডিনিউজ