আজিমপুর এতিমখানার জমিতে নির্মিত ১৮ তলা ভবন বাজেয়াপ্ত

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৫, ১৫:০৬
 
রাজধানীর আজিমপুরের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার সম্পত্তি সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে একটি বেসরকারি ডেভেলপার কোম্পানির তৈরিকৃত ১৮ তলা ভবন এতিমখানার পক্ষে বাজেয়াপ্ত ঘোষণা করেছে আদালত। এছাড়া ঐ ডেভেলপার কোম্পানিকে ৩০ দিনের মধ্যে ঐ ভবন ও সম্পত্তি এতিমখানাকে বুঝিয়ে দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
 
১৯০৯ সালে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার উদ্বোধন করা হয়। পরবর্তী সময়ে সরকারের নিকট থেকে বিভিন্ন সময় জমির লিজ নিয়ে এতিমখানার  স্থান সম্প্রসারণ করা হয়। ২০০৩ সালে এতিমখানার দায়িত্বপ্রাপ্ত সভাপতি বেগম শামসুন্নাহার আহসানউল্লাহ ও সেক্রেটারি অ্যাডভোকেট জিএ খান এতিমখানার দুই বিঘা জমি একটি ডেভেলপার কোম্পানিকে হস্তান্তর করেন। ঐ হস্তান্তরের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট পিটিশন দায়ের করেন এমতিখানার চারজন ছাত্র। পরবর্তীতে হাইকোর্ট রুল জারি করে এবং সম্পত্তিতে স্থিতাবস্থা আদেশ জারি করে। আজ রিট শুনানি শেষে সম্পত্তি হস্তান্তর অবৈধ ঘোষণা করে এবং আম মোক্তারনামা দলিল বলে যে জমি হস্তান্তর করা হয়েছে তা বাতিল করেছে হাইকোর্ট।
 
রিট আবদনের পক্ষে অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও এতিমখানার সুপারিন্টেন্ডেটের পক্ষে ছিলেন অ্যাাডভোকেট ওয়ারনিকার হক।