মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু: আসামি আলীর জবানবন্দি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৫, ১৬:৩১
 
মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ঘটনায় দায়েকৃত মামলার আসামি মোহম্মদ আলী (৩৮) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো : ইমতিয়াজুল ইসলামের আদালতে তিনি জবানবন্দি দেন। এর আগে মাগুরা জেলা পুলিশ বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে  মামলার ২নং আসামি মোহম্মদ আলীকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে আলীকে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের অবিহিত করেন। মহম্মদ আলী  শহরের দোয়ারপাড় এলাকার মাহমুদুল্লার পুত্র ।
 
অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম সাংবাদিকদের জানান, গোয়েন্দা পুলিশ তাকে শহরের মহিলা কলেজ সড়ক থেকে গ্রেফতার করে। মামলার তদন্তের স্বার্থে তথ্য উদঘাটনের জন্য পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখে।
 
এদিকে এই মামলার ১৪ নং আসামি সোলেমানকে র‌্যাব ঢাকার মিরপুর থেকে আটক করেছে। এ পর্যন্ত মামলার ১৬ আসামির মধ্যে মোহাম্মদ আলীসহ ১৩ আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। ৩নং আসামি মেহেদী হাসান আজিবর ওরফে অজিবর শেখ গত ১৭ আগস্ট রাতে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়।
 
উল্লেখ্য, গত ২৩ জুলাই বিকালে শহরের দোয়াপাড় এলাকায়  ছাত্র লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আব্দুল মমিন ভূঁইয়া নামে একজন নিহত ও গর্ভের শিশুসহ গুলিবিদ্ধ হন নাজমা বেগম। এ ঘটনায় নিহত আব্দুল মমিনের পুত্র রুবেল মিয়া ১৬ জনকে আসামি করে মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করেন।