জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন। অন্যদিকে দেশের জনপ্রিয় অভিনেত্রী ফারাহ রুমা। পর্দার বাইরে দু’জনের সম্পর্ক বেশ ভালো হলেও পর্দায় তাদের খুব একটা দেখেনি দর্শক।
প্রায় একযুগেরও বেশি সময় আগে শেষবারের মতো একই পর্দায় অভিনয় করেন তারা। তবে ফারাহ রুমার ক্যারিয়ারে প্রথম বিজ্ঞাপন, নাটক ও মিউজিক ভিডিও সবই করেছেন আফজাল হোসেনের নির্দেশনায়। ২০০১ আফজাল হোসেন ‘সাঁকো’ টেলিফিল্ম নির্মাণ করেন এবং সেখানে ফারাহ’র বিপরীতে অভিনয় করেন আফজাল হোসেন নিজেই। দীর্ঘ বিরতির পর আবারও আফজাল হোসেনের বিপরীতে ফারাহ রুমা অভিনয় করছেন ‘চোর’ শিরোনামে একটি নাটকে।
এ প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, ‘অভিনয়ের প্রতি কিন্তু এখন আর আগের মতো আগ্রহ নেই। কারণ আমার পেশা বদলেছে। তবে অভিনয়ের প্রতি মায়া আছে, আছে ভালোবাসা।’ অনেক বছর পর আফজাল হোসেনের সাথে অভিনয় প্রসঙ্গে ফারাহ রুমা বলেন, ‘মিডিয়াতে আমার অভিভাবক বা গুরু হিসেবে যাকে সবচেয়ে বেশি সম্মান করি তিনি আফজাল হোসেন। অনেক ভালো লাগছে আফজাল ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে। সত্যিই আমি ভীষণ আনন্দিত।’
