কবি-সাহিত্যিকদের লেখনীতে কালো মেয়ের রূপের যতই গুণগান গাওয়া হোক না কেন, বাস্তব জীবনের এর রূপ একেবারেই ভিন্ন বলা যায়। গায়ের রং কালো হওয়ার জন্য সমাজের সকল স্তরের মেয়েদের সইতে লাঞ্ছনা-গঞ্জণা। এমনই এক নারীর চরিত্রে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঈশিকা।
‘কৃষ্ণকলি’ শিরোনামে আপেল মাহমুদ রচনা নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। নাটক সম্পর্কে আপেল মাহমুদ বলেন, যে পরিবারে একটি কালো কন্যা সন্তান আছে সেই পরিবারের প্রধানদের দুঃশ্চিন্তার শেষ নেই। কালো রং যেন ধীরে ধীরে মেয়েদের দোষে পরিণত হয়েছে। তাই প্রত্যেকটা পরিবার উঠে পরে লেগেছে রং ফর্সাকারী ক্রিমের মাধ্যমে হলেও নিজের কন্যা সন্তানকে ফর্সা করার মিশনে। গায়ের কালো রংয়ের মত গৌণ বিষয় এ সমাজে মুখ্য হয়ে উঠেছে। আর যার ফলে কালো মেয়েরা প্রচন্ড প্রতিবন্ধকতার ভিতর জীবন অতিবাহিত করছে। এরকমই একটি কালো মেয়ের গল্প ‘কৃষ্ণকলি’।
নাটকটি সম্পর্কে ঈশিকা বলেন, এরকম চরিত্রে এবারই প্রথম অভিনয় করলাম। সম্পূর্ণ ভিন্ন একটি চরিত্র। আমি নিজে কালো না হলেও কালো মেয়েদের সমস্যাটা অনুভব করি আর সে থেকেই বিভিন্ন প্রতিবন্ধকতাগুলোকে প্রত্যক্ষ করেছি। এরকম একটি চরিত্রে অভিনয় করতে পেরে আমি উচ্ছ্বসিত।
নাটকটি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে।
