দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। এর আগে ৮.৩ মাত্রার ভূমিকম্পের পর বৃহস্পতিবার চিলির কোকিম্বোতে জরুরি অবস্থা জারি করে দেশটির সরকার। বুধবার রাতের শক্তিশালী ওই ভূমিকম্পে ১০ লাখ মানুষ বাস্তুহারা হয়েছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। খবর আল-জাজিরা ও বিবিসির।
ভূমিকম্পে উপকূলীয় শহর কোকিম্বো এরই মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভূমিকম্পের পর শহরটিতে প্রায় ১৫ ফুট উচ্চতার ঢেউ আঘাত হানে। শহরের অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লোকজন তাদের বাড়িঘর ছেড়ে রাস্তায় অবস্থান নিয়েছেন। কোকিম্বোর বিদ্যুত্ ও পানি সরবরাহ ব্যবস্থাও ভেঙে পড়েছে। শুক্রবার শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানকার বাসিন্দারা পানি ও বিদ্যুত্হীন অবস্থায় রয়েছেন। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় বৃহস্পতিবার সকালে সারা দেশে জারি করা সুনামি সতর্কতা তুলে নিয়েছে চিলির প্রশাসন। দেশটির প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেট আক্রান্ত এলাকা সফর করেছেন।
বুধবার রাতের ওই ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল রাজধানী সান্তিয়াগোর ২৩২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৮.৩। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। এর পরবর্তী তিন ঘণ্টায় চিলিতে আরো ১০টির মতো ভূমিকম্প আঘাত হানার কথা জানায় মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। ভূমিকম্পের পর চিলি, পেরু ও হাওয়াই দীপপুঞ্জে সুনামি সর্তকতা জারি করা হয়।
