আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, ‘নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ জানতে হবে।’
শুক্রবার দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু সাংষ্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখা আয়োজিত সংগঠনের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংগঠনের জেলা শাখার আহবায়ক জাফর ইকবাল মুন্নার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বিশিষ্ট অভিনেতা এটিএম শামসুজ্জামান, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অরুন সরকার রানা।
ডা. দীপু মনি এমপি বলেন, ‘বিগত ৩৭ বছর পূর্বে এই সংগঠনের প্রতিষ্ঠার পর থেকে স্বাধীনতা ছিলো হুমকির মুখে। বঙ্গবন্ধুর নাম মুখে নেয়া যেত না। ঠিক ওই সময় বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত সাংস্কৃতিক ব্যক্তিরা এই সংগঠনের যাত্রা শুরু করেন। আমার বিশ্বাস এই সংগঠনের মাধ্যমে পরবর্তী প্রজন্ম যুগ যুগ ধরে বঙ্গবন্ধুকে জানার সুযোগ পাবে।’
খবর বাসসের।
