নতুন ভিডিও ফরম্যাট উদ্ভাবন করছে টেক জায়ান্টরা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৫, ০৪:৩৬
নতুন প্রজন্মের ভিডিও ফরম্যাট উদ্ভাবন নিয়ে কাজ শুরু করেছে বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি টেক কোম্পানি। এসব কোম্পানির মধ্যে রয়েছে গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, সিসকো, মজিলা, নেটফ্লিক্স এবং ইন্টেল। ‘অ্যালায়েন্স ফর ওপেন মিডিয়া’ শীর্ষক এক জোটের মাধ্যমে এসব প্রতিষ্ঠান নিজ নিজ ক্ষেত্রের বিশেষায়িত দক্ষতা ব্যবহার করে একটি ওপেন সোর্স মিডিয়া ফরম্যাট উদ্ভাবন করবে যা অনলাইনে এবং বিভিন্ন ধরনের ডিভাইসে ভিডিও, অডিও, ইমেজ বা স্ট্রিমিংয়ের জন্য আদর্শ একটি ফরম্যাট হিসেবে কাজ করবে।
 
এই জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যত্ প্রজন্মের এই ভিডিও ফরম্যাট রয়্যালটি-ফ্রি হবে, অর্থাত্ সকলের ব্যবহারের জন্যই এই ফরম্যাট উন্মুক্ত থাকবে। সাম্প্রতিক সময়ে ইন্টারনেটের বহুল প্রসারের কারণে বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া ফাইলের ব্যবহার যেভাবে বাড়ছে, তার চাহিদা পূরণের জন্যই এমন একটি ওপেন মিডিয়া ফরম্যাট উদ্ভাবনের জন্য একত্রিত হয়েছে এসব প্রযুক্তি কোম্পানি।
 
 ভিডিও শিল্পের জন্য এই জোটকে বড় ধরনের উদ্যোগ হিসেবে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। কেননা বর্তমানে নানা ধরনের মাল্টিমিডিয়া ফরম্যাটে রয়্যালটি ইস্যুসহ বেশকিছু জটিলতা রয়েছে। এসব জটিলতার কারণে বড় বড় কোম্পানিগুলোকেও সমস্যায় পড়তে হয়। তাছাড়া ব্যক্তিগত পর্যায়ের ব্যবহারকারীদের নানা ধরনের সমস্যা তো রয়েছেই। এতে করে ইন্টারনেটের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন অনেকেই।
 
 আবার এখন পর্যন্ত অনলাইন ভিডিও স্ট্রিমিংয়ের ক্ষেত্রে সবাইকেই অ্যাডোবির ফ্ল্যাশের ওপর অনেকটাই নির্ভর করতে হয়। সাম্প্রতিক সময়ে ফ্ল্যাশে নানা ধরনের দুর্বলতার কারণে এর মধ্যেই এর ব্যবহারকে সীমিত করে ফেলেছেন অনেকেই। ফলে অনলাইন ভিডিও স্ট্রিমিংয়ের ক্ষেত্রে নতুন ভিডিও ফরম্যাটের প্রয়োজনীয়তা পূরণে কাজ করবে এই উন্মুক্ত জোট।