বঙ্গোপসাগরে লঘুচাপ এবং মৌসুমী বায়ুর কারণে ঢাকাসহ দেশের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে। উত্তাল সাগরে ঝড়ো হাওয়ার আশঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে রবিবার আরো বলা হয়েছে, আরও দুইদিন বৃষ্টি থাকতে পারে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রাজশাহী ও রংপুর বিভাগে শনিবার ৩৪-৩৬ ডিগ্রি সেলসিয়াসের মত তাপমাত্রা বিরাজ করলেও রোববার হালকা বৃষ্টির আভাস দিয়েছে অধিদফতর।
রাজধানীতে শনিবার ১৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সন্দ্বীপে সর্বোচ্চ ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এদিকে, কোরবানির ঈদ উপলক্ষ্যে ঢাকা থেকে যারা বাড়ি যাচ্ছেন তারা এরই মধ্যে বৈরী আবহাওয়ায় দুর্ভোগে পড়েছেন।
