‘ইউনিসের টেস্টে মনোযোগ দেওয়া উচিত’

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৫, ১৪:২৯

শুধুমাত্র টেস্ট ক্রিকেটের উপর গুরুত্ব দিতে পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খানকে পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। সাবেক এই ফাস্ট বোলিং তারকা বলেছেন ইউনিস যদি এই মুহূর্তে শুধুমাত্র টেস্টের উপর মনোনিবেশ করে তবে সেটা তার ক্যারিয়ারের জন্যই ভাল হবে।

 

এখন আর ৫০ ওভারের সীমিত ওভারের ম্যাচের দিকে না যাওয়ারই পরামর্শ দিয়েছেন আকরাম। এ সম্পর্কে তিনি বলেন, ক্রিকেট বোর্ড, জাতীয় নির্বাচক এবং ইউনিসের মধ্যে একটি সুস্পষ্ট ব্যবধান এখন সামনে চলে এসেছে। এ কারনেই দেখা যাচ্ছে ইউনিস বারবারই সীমিত ওভারের ম্যাচে খেলার আগ্রহ প্রকাশ করে যাচ্ছেন। আমি মনে করি সবচেয়ে ভাল উপায় হচ্ছে বোর্ড যদি নির্বাচক ও ইউনিসকে নিয়ে বিষয়টি আলোচনা করে তাহলে সমাধান সহজ হবে। বিশেষ করে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে বোর্ড যদি তার ভবিষ্যত পরিকল্পনা সুস্পষ্ট করে জানিয়ে দেয় তাহলে এখানে আর সমস্যা দেখা দিবে না।


জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ইউনিস খানকে আবারো দল থেকে বাদ দেয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড ও জাতীয় নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। ২০১৩ সাল থেকেই নির্বাচকরা ইউনিসকে আর ওয়ানডে দলে বিবেচনা করেননি। তবে বিশ্বকাপে পুনরায় দলে ফিরে আবারো বাদ পড়েন। বাসস