কমলগঞ্জের রাজকান্দি বন রেঞ্জের অধীন আদমপুর বনবিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে কাঠ পাচারকালে বনকর্মীদের গুলিতে আহত হন বাছন আলী। শনিবার বিকাল পাঁচটায় কুরমা বনবিটের বাঘাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। বাছন আলী রবিবার সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
স্থানীয়রা জানায়, শনিবার ভোরে আদমপুর বন বিটের বাঘাছড়া বন ক্যাম্পের সংরক্ষিত বন থেকে সেগুন কাঠ কেটে রাখে একদল গাছ চোর। শনিবার সকাল ১০টার দিকে কেটে রাখা গাছগুলো পাচারকালে বনকর্মীরা তাদেরকে ধাওয়া করে। এ সময় রাজকান্দি এলাকার বাছন আলী ওরফে নছিব (২২), আমির আলী (২৪), নছির আলী (২০), আজির উদ্দিন (২৯), হালিম মিয়া (২৪) ও সুন্দর মিয়া (৩৫) নেতৃত্বে কাঠ পাচারকারীরা বনকর্মীদের ওপর হামলার চেষ্টা করে। এ সময় বনকর্মীরা আত্মরক্ষার্থে এক রাউন্ড গুলি (ছিটা গুলি) ছুড়ে। এতে পাচারকারীরা গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাছন আলী ওরফে নছিব মারা যান।
বাছন আলীর মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন স্থানীয় ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলেমান মিয়া।
