এস আই টুটুলের একটি গান রেকর্ডিংয়ের মধ্য দিয়ে ‘এ কেমন প্রেমের গল্প’ সিনেমার কাজ শুরু করলেন নতুন মুখ আশিক ও অঞ্জলী। শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে গান রেকর্ডিংয়ের মধ্য দিয়ে ছবিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ছবিটি পরিচালনা করছেন মকবুল হোসেন।
‘ওই চাঁদ, কেন যে উঠে না আমার আকাশে’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন ফিরোজ প্লাবন। অনুষ্ঠানে সংগীতশিল্পী এস আই টুটুল ছাড়াও উপস্থিত ছিলেন আশিক চৌধুরী, অঞ্জলী সাথী, মকবুল হোসেনসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই।
চলচ্চিত্রটি প্রসঙ্গে আশিক চৌধুরী বলেন, ‘ছবির নাম থেকেই বোঝা যায়, এটা প্রেমের ছবি। তবে এর মধ্যেও থাকছে এমন অনেক কিছু যা দর্শকদের ভিন্নতার স্বাদ এনে দেবে।’
আগামী ১০ অক্টোবর থেকে ‘এ কেমন প্রেমের গল্প’ চলচ্চিত্রের শুটিং শুরু হবে বিক্রমপুরে। প্রমিজ মিডিয়ার প্রযোজনায় ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নায়ক আশিক চৌধুরী নিজেই।
