নারায়ণগঞ্জে সাড়ে ৫ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৬

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৫, ১৪:২১
 
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে পাঁচ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় ড্রাগ সিন্ডিকেটের নেতাসহ ছয়জনকে আটক করা হয়েছে। রবিবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
 
আটককৃতদের মধ্যে ড্রাগ সিন্ডিকেটের নেতা মোহম্মদ মনঞ্জুর আলম (৪৯) ও তার ঘনিষ্ঠ সহযোগী মোহম্মদ গিয়াসউদ্দিন (৩১) এবং সিন্ডিকেটের আরো চার সদস্য রয়েছেন।
 
সোমবার র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল জিয়াউল আহসান জানিয়েছেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে পাঁচ লাখ ৪০ হাজার পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ তিন লাখ ৪৪ হাজার ৫৭৮ টাকা, একটি প্রাইভেট কার, নয়টি মোবাইল সেট  ও পাঁচটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।